জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। জানা গেছে, তারা বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে আবেদন করবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন’-সহ পাঁচ দফা দাবিতে এই আট দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, “আমাদের দাবি অল্প হলেও স্পষ্ট। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। সেই স্বীকৃতি দিতে হলে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন আয়োজন সম্ভব নয়।”
সমাবেশ শেষে সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। সেখানে দুটি সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমত, জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন বিষয়ে সরকারের অবস্থান জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে বুধবার সাক্ষাতের সময় চাওয়া হবে। দ্বিতীয়ত, আলোচনায় কোনো ইতিবাচক সিদ্ধান্ত না এলে আট দল কঠোর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নেবে।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দিন আহমদ, খেলাফত মজলিসের আমির আবদুল বাসিত আজাদ ও যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, নেজামে ইসলাম পার্টির আমির সারওয়ার কামাল আজিজী, মহাসচিব মুসা বিন ইযহার, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চাঁন ও সাধারণ সম্পাদক কাজী নিজামুল হক প্রমুখ।