জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ সাইফুল্লাহ সাইফ। মঙ্গলবার (১৭ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে থানার কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের পরপরই ইসলামিক ফাউন্ডেশনের একটি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মডেল থানার কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রত্যাশীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।
মোঃ সাইফুল্লাহ সাইফ ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ তিনি ইসলামপুর থানায় ওসি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকে বদলি হয়ে মাদারগঞ্জে আসেন।
তিনি বি.এস.এস (অনার্স), এম.এস.এস ও এল.এল.বি ডিগ্রিধারী এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার গর্বিত সন্তান।
নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ মাদারগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। একইসাথে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।