ঢাকাTuesday , 10 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

বুকের ব্যথা নিয়েও জীবিকার লড়াইয়ে সাইকেলে খবর ফেরি করেন ছাত্তার

ডেস্ক রিপোর্ট
November 10, 2026 12:33 am
Link Copied!

হৃদরোগ ও হাঁপানিতে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ, ভারী পরিশ্রম করা যাবে না। তবু জীবিকার তাগিদে থেমে নেই আব্দুল ছাত্তারের পথচলা। দীর্ঘ ১৯ বছর ধরে পুরোনো সাইকেল চালিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সংবাদপত্র। বুকের ব্যথা আর শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে এখন শরীর আর আগের মতো সায় দেয় না। কিন্তু ছয় সদস্যের পরিবারের দায়িত্ব কাঁধে থাকায় কাজ ছেড়ে দেওয়ারও সুযোগ নেই। তাই শারীরিক কষ্ট কমিয়ে জীবিকার পথ সচল রাখতে তার এখন একমাত্র চাওয়া একটি ইলেকট্রিক সাইকেল।

#New_Classic_Event_Management

আব্দুল ছাত্তারের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা গ্রামে। স্ত্রী, তিন সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে তার সংসার। পত্রিকা বিক্রির সামান্য আয় দিয়েই চলে সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা এবং মায়ের ওষুধপত্র। দীর্ঘ ১৯ বছর ধরে পত্রিকা বিলি করেই জীবিকা নির্বাহ করছেন তিনি। এর মধ্যে গত চার বছর ধরে বিলি করছেন দৈনিক কালবেলা।

গত শনিবার বিকেলে নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর পাম্পের মোড় এলাকায় কথা হয় আব্দুল ছাত্তারের সঙ্গে। তখন কলমাকান্দা সদরে পত্রিকা বিলি শেষ করে নাজিরপুর বাজারের পাঠকদের কাছে পত্রিকা পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। প্রতিদিন ভোরে শুরু হয় তার কর্মব্যস্ততা, চলে সন্ধ্যা পর্যন্ত। পুরোনো সাইকেল চালিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় পৌঁছে দেন পাঠকের কাঙ্ক্ষিত সংবাদপত্র।


ছাত্তার জানান, দীর্ঘদিন ব্যবহারের কারণে তার সাইকেলটি এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। মাঝপথে সাইকেল বিকল হলে পড়তে হয় নানা বিড়ম্বনায়। কখনো ঠেলে, আবার কখনো মেরামত করে চালিয়ে নিতে হয় পত্রিকা বিলির কাজ। সময়মতো পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দিতে গিয়ে নিজের শারীরিক কষ্টও অনেক সময় ভুলে থাকতে হয় তাকে।

নিজের দীর্ঘদিনের সংগ্রামের কথা তুলে ধরে আব্দুল ছাত্তার বলেন, ‘১৯ বছর ধরে পত্রিকা বিলি করছি। এই পথচলা মোটেও সহজ ছিল না। দীর্ঘদিনের পুরোনো সাইকেল দিয়ে চলতে অনেক কষ্ট হয়। এখন সাইকেল চালাইতে গেলে বুকের ব্যথা বাইড়্যা যায়, হাঁপাইয়া যাই। তাও কাজ বন্ধ করতে পারি না। কাজ বন্ধ করলে সংসার চলবে কেমনে? এই কাজ কইরাই তো পরিবার চালাই।’

একটি ইলেকট্রিক সাইকেলই তার দীর্ঘদিনের কষ্ট কিছুটা লাঘব করতে পারে বলে মনে করেন ছাত্তার। নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘একটা ইলেকট্রিক সাইকেল পাইলে আমার অনেক উপকার হইত। শরীরে কম কষ্ট হইত। বুকের ব্যথা নিয়াও আর আগের মতো প্যাডেল চাপতে হইত না। আমি আর কিছু চাই না, একটা ইলেকট্রিক সাইকেল হইলেই আমার কাজটা সহজ হইয়া যাইত।’

স্থানীয় গণমাধ্যমকর্মী লিয়াকত আলী বলেন, সাইকেলে করে কলমাকান্দা সদরসহ আরও দুটি ইউনিয়নে পত্রিকা বিলি করেন ছাত্তার। প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে সংবাদপত্র পৌঁছে দেওয়া তার জন্য বেশ কষ্টকর। একটি ইলেকট্রিক সাইকেল পেলে তার যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শারীরিক পরিশ্রমও অনেকটা কমে আসবে।

দীর্ঘ ১৯ বছর ধরে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সংবাদপত্র পৌঁছে দেওয়া আব্দুল ছাত্তারের স্বপ্ন পূরণে মানবিক সহায়তার প্রত্যাশা করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাদের আশা, স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ছাত্তারের পাশে দাঁড়াবেন।

একটি ইলেকট্রিক সাইকেল হয়তো ছাত্তারের কাছে শুধু বাহন নয়, বরং বুকের ব্যথা আর শ্বাসকষ্টের সঙ্গে লড়াই করে জীবিকার চাকা সচল রাখার নতুন অবলম্বন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি