ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (নাম) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে নবীনগর উপজেলার আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোমাইয়া আক্তার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রুয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সোমাইয়া ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন। পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবীনগর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সজল কান্তি নাথ সংবাদমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ থানায় রয়েছে। স্বজনরা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
