বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে এখনো অস্থিরতা ও ষড়যন্ত্রের ঘন মেঘ কাটেনি। তিনি বলেন, কালো মেঘ এখনো ঘুরে বেড়াচ্ছে—এটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। সভাটি শহরের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
বাবর বলেন, অচিরেই শেখ হাসিনার প্রথম মামলার রায় ঘোষণা করা হবে। আওয়ামী লীগ ও প্রতিবেশী এক প্রভাবশালী রাষ্ট্র নানাভাবে চেষ্টা করছে যেন রায় বা আসন্ন নির্বাচন প্রভাবিত করা যায়। এর সঙ্গে কিছু রাজনৈতিক দলও সম্পৃক্ত রয়েছে।
তিনি আরও বলেন, সরকার নিরপেক্ষতার কথা বললেও কিছু উপদেষ্টা স্পষ্ট পক্ষপাতমূলক আচরণ করছেন—এটা আমরা দেখছি। সামনে আমাদের জন্য বড় সুযোগ আসতে পারে, তাই সেই সম্ভাবনাকে নষ্ট করা যাবে না।
বাবর বলেন, ক্ষমতায় যাওয়া আমাদের হাতে নয়, তা শুধু আল্লাহই জানেন। তবে আশাবাদ রাখতে হবে। এজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করা চলবে না। কেউ নিয়ম ভাঙলে তাকে ছাড় দেওয়া হবে না—আমি নিজেও ব্যতিক্রম নই। রুজির প্রয়োজন আছে, কিন্তু তা অবশ্যই হালাল ও ন্যায্য পথে অর্জিত হতে হবে।
তিনি বলেন, আমরা চাই বিশৃঙ্খল সময়টা শান্তভাবে অতিক্রম করে নির্বাচনে পৌঁছাতে। সামনে নানা বাধা আসবে, অনেক বিষয় আপনারা দেখতে না পেলেও আমরা প্রতিনিয়ত সেগুলোর মুখোমুখি হচ্ছি। সব বলা সম্ভব নয়, তবে বলতে পারি—চ্যালেঞ্জ বড়।
তরুণদের উদ্দেশে বাবর বলেন, এই সময় তথ্যপ্রযুক্তির যুগ। তাই সবার উচিত প্রযুক্তি ও কারিগরি জ্ঞান অর্জন করা। তা না হলে প্রতিযোগিতার এই যুগে টিকে থাকা কঠিন হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্যতা গড়ে তুলতে হবে।
সভায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ভিপি), সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।