চুক্তিতে পৌঁছানোর আশাবাদ জানালেও সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি শান্তিচুক্তি সম্পাদিত হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কূটনৈতিক সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন বলে তিনি আশাবাদী। তবে পরিস্থিতির উন্নতি না হলে এবং প্রয়োজন দেখা দিলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে। এ জন্য দেশটির হাতে পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র আপাতত ইরান যুদ্ধের পরিস্থিতি স্থিতাবস্থায় রেখেছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী প্রস্তুত ও অস্ত্রসজ্জিত রয়েছে। তার দাবি, সামরিক দিক থেকে ইরানের অবস্থা কার্যত শেষ। মূলত ইরানের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই যুক্তরাষ্ট্র এ মুহূর্তে স্থিতাবস্থা বজায় রাখছে।
শান্তিচুক্তির সময়সীমা কমানোর প্রস্তাব ইরানের
এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করার প্রস্তাব দেয় ইরান। তেহরানের এ উদ্যোগকে ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তিতে গত জুনে হওয়া ইসলামাবাদ চুক্তিতে দুই পক্ষের সম্মত হওয়া মূল শর্তগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে।
ওই চুক্তিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধবিরতির বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
সমঝোতায় মধ্যস্থতায় উপসাগরীয় দেশগুলো
ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে উপসাগরীয় দেশগুলো।
এর অংশ হিসেবে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির। সম্ভাব্য ওই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অংশ নিতে পারেন।
সূত্র: সিবিএস নিউজ
