নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তেলনজিয়া বাজারে দোকানে বসে থাকা এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে তিনি বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয় তুলে ধরতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে তেলনজিয়া বাজারের একটি দোকানে চা পান করেন লুৎফুজ্জামান। পরে তিনি দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা হলে দুই যুবক তাঁর কাছে আসে। প্রথমে তারা সিগারেট চায়। এরপর হঠাৎ তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে কিছুটা দূরে রাখা মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় চা-দোকানি রবিন রাংছা জানান, লুৎফুজ্জামান চা পান করে দোকান থেকে বের হচ্ছিলেন। তখন তিনি দোকানে চায়ের কাপ পরিষ্কার করছিলেন। এ সময় দুই যুবক এসে প্রথমে সিগারেট চায়। এরপর তারা হঠাৎ লুৎফুজ্জামানকে গুলি করে। লোকজন এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সাংবাদিক হত্যার খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে নয়টার দিকে তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে গত বছরের ১০ নভেম্বর দুপুরে কলমাকান্দা উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছিলেন লুৎফুজ্জামান। সে সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়। তাঁর সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাঁকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে তেলনজিয়া গ্রামের আনন্দিতা সংমাকে বিয়ে করেন লুৎফুজ্জামান। তাঁদের চার বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।
