ঢাকার নবাবগঞ্জ উপজেলার খানেপুর পোস্ট অফিস রোডের একটি মোড়ে ড্রেজার লাইন স্থাপন করায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
২৩ অক্টোবর শুক্রবার রাতে স্থানীয় সূত্রে জানা যায়, নয়নশ্রী ইউনিয়ন পরিষদ হয়ে খানেপুর বাজারে যাওয়া পূবেই সড়কের মোড়ে ড্রেজার লাইন থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
বিশেষ করে মোড়টি দিয়ে চলাচলের সময় যানবাহন চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। দ্রুতগতির যানবাহন চলাচল করলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে।
স্থানীয়দের আশঙ্কা, সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের প্রতিবন্ধকতা থাকায় মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন দুর্ঘটনার মুখে পড়তে পারে। পাশাপাশি পথচারীদের চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে।
এ অবস্থায় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
দুর্ঘটনা এড়াতে সড়কের মোড় থেকে প্রতিবন্ধকতা সরানো এবং ড্রেজার লাইন নিরাপদ স্থানে স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
