রাজধানীর মগবাজারে নিজস্ব কার্যালয়ের সামনে পার্ক করে রাখা সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও গাড়িটির ক্ষতি হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
শনিবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ঘটনার বিবরণ দেন আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু। তিনি জানান, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ।
তবে সিসিটিভি ফুটেজে ঘটনার কিছু দৃশ্য দেখেছেন এবং গুলির শব্দও শুনেছেন। পরে নিচে থাকা নিরাপত্তাকর্মীর ডাকাডাকিতে তাঁরা ঘটনাস্থলে যান। এর আগেই হামলাকারী পালিয়ে যায়।
ঘটনার পেছনে সন্দেহ করার মতো কেউ আছেন কি না, জানতে চাইলে সালমা আসিফ মিতু বলেন, “আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি।”
আসিফ আকবরের জীবনযাপন ও সবার সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কিসের থেকে কী হয়েছে। জানি না, কী হবে। আসিফ এখন ঘুমাচ্ছে। সুস্থ আছে।”
ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারের বিশাল সেন্টারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। ওই ভবনের সামনে পার্ক করে রাখা তাঁর গাড়ি লক্ষ্য করেই ভোরে গুলি ছোড়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টারের নিচতলার পার্কিং এলাকায় গাড়িটি রাখা ছিল। শনিবার ভোর পৌনে ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে আসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। এরপর গাড়ি লক্ষ্য করে একটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাতিরঝিল থানা পুলিশ। পরে গাড়িটির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তবে হামলাকারীর পরিচয়, ঘটনার উদ্দেশ্য এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
