ঢাকার নবাবগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোহাম্মদ রাজু ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলা কমিশনার রইস উদ্দিন মিলন (এএলটি), উপজেলা কমিশনার মো. ফরিদুল ইসলাম, তুষারী সুলতানা পপি, বিলকিস চৌধুরী, গ্রুপ সম্পাদক নুরুল ইসলাম তানিম, সাংবাদিক সাদের হোসেন বুলু ও শুভাশিস গোস্বামীসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রুপের সহ-সম্পাদক মো. সুমন।
আলোচনা সভায় অতিথিরা বলেন, স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের এখনই সময়। শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্কাউটদের এগিয়ে যেতে হবে।
তাঁরা আরও বলেন, আগামী প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে স্কাউটিং কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে হবে। সমাজের কল্যাণে নিবেদিত থেকে দক্ষ, দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে স্কাউটদের প্রতি আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয় এবং বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৭ বছরের পথচলায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের মধ্যে সেবার মানসিকতা ও শৃঙ্খলাবোধ জাগ্রত করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
