ঢাকার দোহার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিয়াল শরীফ (২৮) নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পিয়াল গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত পিয়াল উপজেলার বানাঘাটা এলাকার বাচ্চু শরীফের ছেলে। এ ঘটনায় পিয়ালের বাবা বাচ্চু শরীফ দোহার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পিয়াল তার বন্ধু আরাফাতকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে করে থানার মোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী অবস্থানে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে গাড়ি সরিয়ে নিতে বলেন তারা। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। অভিযোগে বলা হয়, এর কিছুক্ষণ পর সিএনজি চালক মনির হোসেনের নেতৃত্বে কালাম, সোহেল ও আনোয়ারসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন পিয়ালের ওপর অতর্কিত হামলা চালান। এতে পিয়াল গুরুতর আহত হন। এ সময় তার বন্ধু আরাফাতও আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত পিয়ালকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
