ঢাকাSaturday , 14 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

দলিল নিবন্ধনে হয়রানি করলে ছাড় নয় – আইনমন্ত্রীর হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট
November 14, 2026 9:41 pm
Link Copied!

দলিল নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব উঠলেও নিবন্ধন অধিদপ্তর আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই পরিচালিত হবে।

#New_Classic_Event_Management

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি ইতোমধ্যে সাব-রেজিস্ট্রি বিভাগকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে। তবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আইনি কাঠামো অনুযায়ী নিবন্ধন বিভাগ এ মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।


নিবন্ধন অধিদপ্তরের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে আসাদুজ্জামান বলেন, দেশের বার্ষিক বাজেট ও কর আদায়ে নিবন্ধন অধিদপ্তরের উল্লেখযোগ্য অবদান রয়েছে। একে দ্বিতীয় বৃহত্তম একক খাত হিসেবেও বিবেচনা করা হয়। অথচ সেই তুলনায় নিবন্ধন বিভাগ সবচেয়ে বেশি অবহেলিত। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।

দেশে ৬১টি জেলা রেজিস্ট্রার কার্যালয় ও ৪৯৭টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয়। সম্পত্তি হস্তান্তর, বিভিন্ন ধরনের দলিল নিবন্ধন, নিবন্ধিত দলিলের তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন রাজস্ব ও কর আদায় এ অধিদপ্তরের প্রধান দায়িত্ব।

নিবন্ধন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিভাগের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাঁর পক্ষ থেকে কোনো সীমাবদ্ধতা থাকবে না। কর্মকর্তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে নিবন্ধন অফিস নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক অভিজ্ঞতার বিষয়টিও তুলে ধরেন তিনি। আসাদুজ্জামান বলেন, নিবন্ধন বিভাগ সম্পর্কেও মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে কর্মকর্তাদেরই দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, বিভাগের সীমাবদ্ধতা, অদক্ষতা ও জনমনে তৈরি হওয়া নেতিবাচক ধারণা দূর করে সেবাকে জনবান্ধব করতে হবে। জনগণকে ভোগান্তিতে ফেলা হলে তা পুরো বিভাগের জন্য কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

#New_Classic_Event_Management

আট মাসেও কলেজের জমির দলিল নিবন্ধন হয়নি

নিজের এলাকা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি ডিগ্রি কলেজের জমি বিনিময়ের দলিল নিবন্ধন নিয়ে দীর্ঘদিনের ভোগান্তির উদাহরণ তুলে ধরেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ওই উপজেলার একটি ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী জমির সঙ্গে বিনিময় বা এওয়াজ দলিল নিবন্ধনের প্রয়োজন ছিল। কিন্তু এ কাজ সম্পন্ন করতে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে প্রায় আট মাস ঘুরতে হয়েছে।

বিষয়টি জানার পর প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করতে বলেছিলেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, পরে দায়িত্ব নেওয়ার পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চান, কোন আইনের ভিত্তিতে দলিল নিবন্ধন করা হচ্ছে না, তা লিখিতভাবে জানাতে।

তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান জমি বিনিময়ের দলিল নিবন্ধন করতে গিয়ে আট মাস ধরে হয়রানির শিকার হয়েছে। এ কাজে কোনো আইনি বাধা থাকলে তা স্পষ্ট করে জানানো উচিত ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো আইনগত কারণ দেখাতে পারেননি। ফলে সাধারণ মানুষকে এত দিন ভোগান্তিতে রাখার দায় কে নেবে, সেই প্রশ্ন তোলেন তিনি।

এ ধরনের ঘটনা পুরো নিবন্ধন অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, একজন কর্মকর্তার ব্যর্থতা, অযোগ্যতা কিংবা দুর্নীতির কারণে ঘটে যাওয়া একটি ঘটনাও পুরো নিবন্ধন বিভাগকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

হয়রানির অভিযোগে জিরো টলারেন্স

নিবন্ধন বিভাগকে হয়রানিমুক্ত ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, জনগণ যেন এ বিভাগের সেবার ওপর আস্থা রাখতে পারে, সরকার সেটিই চায়।

কর্মকর্তাদের কাজের প্রতি উৎসাহ বাড়াতে প্রণোদনার ব্যবস্থা এবং সিনিয়র সাব-রেজিস্ট্রার পদায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তাঁর ভাষায়, হয়রানিমুক্ত বিভাগ প্রতিষ্ঠায় প্রয়োজনে কর্মকর্তাদের প্রণোদনা দেওয়া হবে। সিনিয়র সাব-রেজিস্ট্রার পদায়নের দাবিও বিবেচনা করা হবে। তবে সুনির্দিষ্ট হয়রানির অভিযোগ বা তথ্য পাওয়া গেলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

বদলির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বদলি শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এর মাধ্যমে নিবন্ধন বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদন

অনুষ্ঠানে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ জানান, দলিল নিবন্ধনে জালিয়াতি প্রতিরোধ এবং সরকারি রাজস্ব বাড়াতে ৬৩২ কোটি টাকার ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদিত হয়েছে।

এ সময় তিনি দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ি বরাদ্দ, প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা এবং নকলনবিশদের চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি