মুন্সীগঞ্জের সিরাজদিখানে গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন রাজু নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কিশোরীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীর মা প্রায় দুই মাস ধরে সিরাজদিখানের একটি এলাকায় স্বপন ঢালীর গরুর খামারে নিজের মা, সৎ বাবা ও মেয়েকে নিয়ে বসবাস করছিলেন। এ সময় কাজের সন্ধানে তিনি সুমন ঢালীর সঙ্গে যোগাযোগ করেন। পরে আনোয়ার হোসেন রাজুর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাঁর গার্মেন্টসে কাজ পান।
এরপর কিশোরীকেও অফিসের কাজে সহযোগিতার কথা বলে অভিযুক্তের ব্যক্তিগত কার্যালয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিন কাজের কথা বলে কিশোরীকে অভিযুক্তের ব্যক্তিগত কার্যালয়ে আটকে রাখা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা।
অভিযোগে আরও বলা হয়, সর্বশেষ ১২ নভেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে কিশোরীর চিৎকার শুনে বিষয়টি জানাজানি হয়। পরে অভিযুক্তের গাড়িচালকের মাধ্যমে খবর পেয়ে কিশোরীর মা সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে তিনি থানায় মামলা করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
