স্কুল ছিল আলাদা, শ্রেণিকক্ষ ছিল ভিন্ন। স্মৃতির পাতায়ও রয়েছে ভিন্ন ভিন্ন গল্প। তবু একই সময়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া আর একই প্রজন্মের বেড়ে ওঠার বন্ধন তাঁদের এক সুতোয় বেঁধেছে। জীবনের প্রয়োজনে কেউ ছড়িয়ে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে, কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে। দীর্ঘ কয়েক দশক পর বন্ধুত্বের টানে আবারও একত্র হলেন তাঁরা।
নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এসএসসি পাস করা প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকার নবাবগঞ্জের কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন মিলনমেলা।
দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো একসঙ্গে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। কেউ পুরোনো বন্ধুকে জড়িয়ে ধরছেন, কেউ কুশল বিনিময়ে ব্যস্ত, আবার কেউ খুলে বসেছেন স্মৃতির ঝাঁপি। বয়সের ভার আর জীবনের ব্যস্ততা ভুলে মুহূর্তেই যেন ফিরে যান কৈশোরের সোনালি দিনগুলোতে।
মিলনমেলায় অংশ নিতে কেউ এসেছেন দূর-দূরান্ত থেকে, কেউবা দীর্ঘদিন পর দেখা পেয়েছেন প্রিয় বন্ধুদের। বিদ্যালয় আলাদা হলেও একই সময়ের শিক্ষার্থী হওয়ার সুবাদে তাঁদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধনে ছিল না কোনো দূরত্ব। একে অপরের জীবনের খোঁজখবর নেওয়া, পুরোনো স্মৃতিচারণা আর হাসি-আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি খন্দকার আবু হাসান সবুজ। তিনি বলেন, ‘জীবনের ব্যস্ততায় আমরা অনেকেই দীর্ঘদিন একে অপরের কাছ থেকে দূরে ছিলাম। কিন্তু বন্ধুত্বের টান কখনো হারিয়ে যায়নি। সবাইকে একসঙ্গে পেয়ে সত্যিই আনন্দিত। ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে।’
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ও স্মৃতিচারণা তুলে ধরেন।
জাকির হোসেন বলেন, ‘আমাদের স্কুল আলাদা ছিল, কিন্তু একই সময়ের শিক্ষার্থী হিসেবে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। আজ এত বছর পর সবাইকে একসঙ্গে দেখে মনে হচ্ছে, আবার সেই পুরোনো দিনগুলো ফিরে পেয়েছি।’
সজিবুর রহমান বলেন, ‘জীবনের অনেক অর্জন, ব্যস্ততা আর দায়িত্বের মধ্যে বন্ধুদের সঙ্গে এমন সময় কাটানোর সুযোগ খুব কমই আসে। এই মিলনমেলা আমাদের মনে করিয়ে দিয়েছে, জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি হলো বন্ধুত্ব।’
আয়োজনজুড়ে ছিল স্মৃতিচারণা, আনন্দ-আড্ডা আর পারস্পরিক ভালোবাসার প্রকাশ। দীর্ঘদিনের দূরত্ব ভুলে একে অপরের সান্নিধ্যে সময় কাটানোর মধ্য দিয়ে নতুন করে প্রাণ ফিরে পায় পুরোনো বন্ধুত্ব।
বিদ্যালয় আলাদা হলেও তাঁদের পরিচয় এক জায়গায়—তাঁরা এসএসসি ১৯৮৭ ব্যাচের। কয়েক দশকের ব্যবধান পেরিয়ে এই মিলনমেলা শুধু পুরোনো স্মৃতি রোমন্থনের আয়োজন নয়, বরং বন্ধুত্বের সম্পর্ককে নতুন করে জাগিয়ে তোলার এক অনন্য উপলক্ষ। ভবিষ্যতেও এমন আয়োজনের মধ্য দিয়ে সহপাঠীদের এই বন্ধন অটুট থাকবে—এমন প্রত্যাশা অংশগ্রহণকারীদের।
