রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে সিটি করপোরেশনের দুটি গাড়ি ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে লাঠি হাতে হকারদের অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে পুলিশ ঘটনাস্থলের চারপাশ ঘিরে রাখে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের দুটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে একটি ভেকু (খননযন্ত্র) ভাঙচুর এবং পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে সংঘর্ষের পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত এলাকায় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
