বাগেরহাটে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যাংকের চারটি কার্ডসহ এফ এম শহিদুল ইসলাম টিটু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার শহিদুল ইসলাম টিটু অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর বাগেরহাট সদর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শহিদুল ইসলাম টিটুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে Infinix, Vivo, Symphony, Oppo, Redmi ও Itel ব্র্যান্ডের ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যাংকের চারটি অ্যাকাউন্ট/ডেবিট কার্ড জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দ করা মোবাইল ফোনগুলো পর্যালোচনা করে কয়েকটিতে 1xBet, MelBetসহ বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপসে ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।
এছাড়া বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা এবং সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেনের তথ্য ও বার্তা পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার শহিদুল ইসলাম টিটু বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকার ফকির সদর আলীর ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৭, ২০, ২৪, ২৫ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।