সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৩০ অক্টোবর শুক্রবার বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা ফেন্সিডিল ও ভারতীয় ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, মাদকপাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
