ঢাকার দোহার উপজেলায় পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ী, একটি মামলার এক আসামি এবং এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
২৭ জুন শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দোহার থানার এসআই (নিঃ) জীবন চন্দ্র বর্মণ ও এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ফারুক শেখ (৩৬), মো. আকাশ বেপারী (২৪), মো. বাবু শেখ (২৯), তারেক বেপারী (৩০) এবং ডলি আক্তার।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া একজন অন্যান্য মামলার আসামি এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দোহার থানা পুলিশ।