বাগেরহাটের মোংলা ইপিজেড এলাকায় একজন ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।
৪ জুন বৃহস্পতিবার সকালে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে তাকে আটক করা হয়।
মোংলা থানার এসআই ইমামুল জানান, আবুল হাসান (৩৫) নামের ওই ব্যক্তি নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে ইপিজেডে প্রবেশ করেন।
পরে তিনি জিমলাইট নামে একটি কারখানায় গেলে তার পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তিনি যে আইডি কার্ড দেখান, তাতে নিজেকে র্যাব সদস্য হিসেবে উল্লেখ ছিল।
কারখানা কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-কে খবর দেয়।
এনএসআই সদস্যরা জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন, তিনি প্রকৃত র্যাব সদস্য নন। এরপর পুলিশকে জানালে তাকে ভুয়া পরিচয়পত্রসহ আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আটক আবুল হাসান বাগেরহাটের রামপাল উপজেলার শিংগের বুনিয়া গ্রামের ইউছুপ আলী শেখের ছেলে। তিনি ইপিজেডের একজন শ্রমিক। অভিযোগ রয়েছে, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন জায়গায় সুবিধা নেওয়ার চেষ্টা করতেন তিনি।