বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার দেশের মহানগর এলাকার স্কুল-কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে এক বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেওয়া ওই বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তকে অপরিণামদর্শী বলে উল্লেখ করেন এবং এর প্রতিবাদ জানান।
তিনি বলেন, ৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় ঢাকাসহ সব মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অনভিপ্রেত। তার মতে, জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষার্থীদের ওপর অনলাইন ক্লাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যা শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি আরও বলেন, অনলাইন শিক্ষাব্যবস্থার কারণে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার মুখে পড়ে। অনেক দরিদ্র শিক্ষার্থী ইন্টারনেট খরচ বহন করতে না পেরে পড়াশোনা থেকে পিছিয়ে যায়। এছাড়া, অতিরিক্ত ডিভাইস ব্যবহারের ফলে শিক্ষার্থীরা আসক্তি ও নৈতিক ঝুঁকির মধ্যে পড়তে পারে। শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা ব্যাহত হওয়ায় নিয়মিত পড়ার অভ্যাসও কমে যায়।
তিনি উল্লেখ করেন, কোভিড-১৯ সময়ের অভিজ্ঞতায় দেখা গেছে অনলাইন শিক্ষার প্রভাব ভালো ছিল না। ‘ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২২’-এর প্রতিবেদনে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বাংলা ও গণিতে দুর্বলতা উঠে এসেছে। দরিদ্র অঞ্চলের শিক্ষার্থীরা আরও বেশি পিছিয়ে পড়েছে। বিভিন্ন সংস্থার জরিপে অনলাইন ক্লাস চলাকালে ঝরে পড়া ও শিশু শ্রম বৃদ্ধির তথ্যও পাওয়া গেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাব্যবস্থায় নানা চ্যালেঞ্জ থাকলেও সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এ অবস্থায় আবার অনলাইন ক্লাস চালু করা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট থাকলে অন্যান্য খাত সচল রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানকে সীমাবদ্ধ করা যৌক্তিক নয়। তিনি দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে নিয়মিত সশরীরে ক্লাস চালুর আহ্বান জানান।