ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের রুইথা এলাকায় প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ২৩ই মার্চ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আহতের পরিবার সূত্রে ২৪ই মার্চ মঙ্গলবার সকালে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার শাখাওয়াত গংদের সঙ্গে মিজানুর রহমানের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সোমবার রাতে শাখাওয়াত, মামুন ও মিরাজ দেশীয় অস্ত্র নিয়ে মিজানুরের ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। হামলার সময় মিজানুরের বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দোহার থানা পুলিশ। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।