নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৭৩০ পুরিয়া হেরোইন, ১৫০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সময় মাদক ব্যবসায় জড়িত ৯ জনকে আটক করা হয়েছে। এছাড়াও চুরি, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় মাদক ও অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলের জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।