ঢাকার দোহার উপজেলায় মাদক নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনা ঘটে ৬ই মার্চ শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার চর মোহাম্মদপুর আজামবাড়ি মোড়ে।
আহত যুবকের নাম স্বপন (২৮)। তিনি চর মোহাম্মদপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে ও পেশায় রাজমিস্ত্রী।
আহতের মা নুর জাহান জানান, স্থানীয় জুম্মন ও জুলহাসসহ কয়েকজনের সঙ্গে তার ছেলের মাদক সংক্রান্ত বিরোধ ছিল। বিকেলে তারা স্বপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়দের ডাক-চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত স্বপনকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।
দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।