সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর এলাকায় মর্মান্তিক এক ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ শোনার পর বড় ভাইও মারা গেছেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) গভীরভাবে ভেঙে পড়েন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে আব্দুল করিম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন এবং নিজ বাড়িতেই মারা যান। অল্প সময়ের ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক।
স্থানীয় শিক্ষক আবু ওয়াহিদ বাবলু বলেন, পবিত্র রমজান মাসে দুই ভাইয়ের এমন করুণ মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুই ভাইকে দাফন করা হয়েছে।