খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় সন্দেহভাজন নারী তনিমা ওরফে তন্বীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। তবে আটকের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাত পৌনে ১১টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’র বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার (৪২) গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৯–১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এবং তিনি আশঙ্কামুক্ত।
আহত মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে।
ভুক্তভোগী ও এনসিপি নেতাদের দাবি, গাজী মেডিক্যাল কলেজের সামনে গুলির ঘটনা ঘটে। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, নগরীর ১০৯ মজিদ সরণীর আল আসকা মসজিদ গলির ‘মুক্তাহাউজ’ নামের একটি বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। সেখান থেকে গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, শ্রমিক নেতা মোতালেব শিকদার ওই বাসায় সন্দেহভাজন নারী তনিমা ওরফে তন্বীর সঙ্গে থাকতেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মাদক ও চাঁদাবাজির অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় সোমবার রাতে তনিমাকে আটক করা হয়।