বাগেরহাটের মোংলায় উপকূলীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, ৩১ অক্টোবর সকালে কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় মোংলা উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে মোট ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
