স্থানীয় প্রশাসন শত বছর পর কবি জসিম উদ্দিনের আসমানীর খোঁজ পেয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট জিকুয়া গ্রামে। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও দেখে আসমীনির চরিত্রে জরিনার খোঁজে পেয়েছেন তারা।
জানা যায়, উপজেলার চুনারুঘাট সদর ইউনিয়নের জিকুয়া গ্রামে জরিনা খাতুনের পরিবারের ৬ সদস্যকে নিয়ে একটি ঝুঁপড়ি ঘরে দীর্ঘ দিন ধরে বসবাস করছে। বিষয়টি ঈদের দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও দেখে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাস, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল জিকুয়া গ্রামে জরিনার বাড়িতে ছুটে যান। নিয়ে যান ঈদের উপহার সামগ্রী। তাকে আশ্বাস দেন একটি পাকা ঘর নির্মাণ করে দিবেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাস কালের কণ্ঠকে বলেন, উপজেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার থেকে তার ঝুঁপড়ি ঘর সড়িয়ে পাকা ঘর র্নিমাণের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষের প্রত্যয় অনুযায়ী উপজেলার গৃহহীন লোক বের করে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। ইতিমধ্যে উপজেলার ইকরতলী গ্রামে ৭৪টি পাকা ঘর র্নিমাণ করা হয়েছে। রানীগাঁও গ্রামে র্নিমাণ করা হচ্ছে ৩৪টি পাকা ঘর। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উপজেলায় কোনো গৃহহীন পরিবার রাখা হবে না। তাদের পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে।