প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের পূর্ণাঙ্গ প্ল্যান্ট আমদানির চেষ্টা করেছে ঢাকার একটি প্রতিষ্ঠান। সাতটি পৃথক মেশিনের সমন্বয়ে তৈরি এই প্ল্যান্টের আমদানি চালানে ঘোষিত মূল্য দেখানো হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। তবে কাস্টমস গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়নে এর প্রকৃত আনুমানিক মূল্য পাওয়া গেছে ৪ লাখ ৪৩ হাজার ডলার। অর্থাৎ ঘোষিত মূল্যের তুলনায় প্রকৃত মূল্য প্রায় ২৫ গুণ বেশি। সন্দেহজনক এই চালান শেষ পর্যন্ত আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
১২ নভেম্বর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইআইডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান ‘জেআর বিজনেস ওয়ার্ল্ড’ সংযুক্ত আরব আমিরাতের ‘আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা করা হয়।
ছয়টি প্যাকেজে আনা চালানটির পণ্য প্যাকিং ও র্যাপিং মেশিন হিসেবে দেখিয়ে এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছিল।
সিআইআইডির প্রাথমিক তথ্যপত্র ও আন্তর্জাতিক বাজারমূল্য বিশ্লেষণে দেখা যায়, চালানটির ইনভয়েসে ঘোষিত মূল্য ১৭ হাজার ৬০০ ডলার হলেও মেশিনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার ডলার। সে হিসাবে ঘোষিত ও আনুমানিক প্রকৃত মূল্যের মধ্যে ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, মেশিনগুলোর মডেল, উৎপাদনের সময়কাল, বয়স ও সার্বিক অবস্থা বিস্তারিত যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে। একই সঙ্গে প্রযোজ্য শুল্ক ও করের পরিমাণও নির্ধারণ করা হবে।
আটক চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি। পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ (C&F) এজেন্ট প্রতিষ্ঠান ‘এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড’। অন্যদিকে, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাকশিল্পে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি সরবরাহ করা।
সিআইআইডি আরও জানায়, এ ধরনের স্পর্শকাতর যন্ত্রপাতি দেশের নিবন্ধিত প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত নির্দিষ্ট সরবরাহকারীর মাধ্যমে আমদানি হওয়া সমীচীন।
অন্য কোনো উপায়ে এ ধরনের প্ল্যান্ট বা যন্ত্রপাতি দেশে প্রবেশ করলে তা ব্যবহার করে পরিচিত ব্র্যান্ডের নকল সিগারেট উৎপাদনের আশঙ্কা রয়েছে। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ ও আইনানুগ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর ঝুঁকিতে পড়বে।
কাস্টমস গোয়েন্দাদের মতে, মিথ্যা ঘোষণা দিয়ে এ ধরনের শিল্পযন্ত্রপাতি আমদানির চেষ্টা শুধু শুল্ক ফাঁকির ঝুঁকিই তৈরি করে না, বরং দেশের তামাকজাত পণ্যের বাজারে অবৈধ উৎপাদন ও নকল পণ্যের বিস্তার ঘটানোর আশঙ্কাও বাড়ায়।
