ঢাকার দোহার উপজেলার নিকড়া উত্তরপাড়া এলাকায় প্রবাসী শেখ ইমরানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রথম প্রহরে আনুমানিক রাত ২টার দিকে ৬-৭ সদস্যের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।
এ সময় স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা।
ভুক্তভোগী শেখ ইমরানের স্ত্রী রানী আক্তার জানান, রাত আনুমানিক ২টার দিকে বারান্দার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা।
পরে প্রধান ফটক খুলে ৬-৭ জনের একটি দল ঘরে ঢোকে। এ সময় ডাকাতরা তাঁর ছেলের হাত-পা বেঁধে পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।
তিনি আরও জানান, ডাকাতরা তাঁর একটি স্বর্ণের কানের দুল, একটি মোবাইল ফোন, ঘরে থাকা নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়। ডাকাতি শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, ডাকাতির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় দোহার থানা পুলিশ।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিকড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে সকালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
