পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের চিকিৎসায় বারবার ইনজেকশন প্রয়োগ করা হচ্ছে। তাঁর চোখে দেওয়া হচ্ছে ‘ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ’ ইনজেকশন। এটি মূলত রেটিনার রক্তনালির বিভিন্ন সমস্যা, অস্বাভাবিক রক্তনালির বৃদ্ধি এবং চোখের ভেতরে তরল জমে ফোলাভাব তৈরির মতো জটিলতার চিকিৎসায় ব্যবহার করা হয়।
পাকিস্তান সরকারের দাবি, ইমরান খান ডান চোখে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) নামের রোগে আক্রান্ত। এ রোগে রেটিনার প্রধান শিরায় রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, যার ফলে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত ১০ ও ১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার ফলোআপের জন্য তাঁকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে পিমসে নেওয়া হয়েছিল।
পিমস হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, চক্ষু বিশেষজ্ঞের নির্দেশনায় ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে চোখের পরীক্ষাও অন্তর্ভুক্ত ছিল। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ফল স্বাভাবিক পাওয়া যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, রোগীর সম্মতি নিয়ে প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসাবিধি অনুসরণ করে চক্ষু বিশেষজ্ঞদের একটি দল তাঁর চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করে। তবে বিবৃতিতে তাঁর রোগ নির্ণয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগেও তাঁকে একাধিকবার এই ইনজেকশন দেওয়া হয়েছে।
হাসপাতালের বিবৃতি অনুযায়ী, রাত আড়াইটার দিকে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ সময় পরবর্তী পরিচর্যা ও ফলোআপ চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। হাসপাতালের এক কর্মকর্তা জানান, তাঁকে প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে রাখা হয়েছিল। পরীক্ষা ও চিকিৎসা শেষে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ইমরান খানের চিকিৎসার সর্বশেষ তথ্য প্রকাশের পর তাঁর স্বাস্থ্য ও চিকিৎসাসুবিধা নিয়ে উদ্বেগ জানিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
দলটির এক বিবৃতিতে বলা হয়, ‘কোনো মানুষের স্বাস্থ্যকে রাজনৈতিক দর-কষাকষির উপায় হিসেবে ব্যবহার করা যায় না। কোনো সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসাকে কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ রাখা যায় না।’
একই সঙ্গে ইমরান খানের পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদের তাঁর সঙ্গে অবিলম্বে এবং বাধাহীনভাবে দেখা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
অন্যদিকে পাকিস্তান সরকারের দাবি, ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁর চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি রাখা হয়নি।
ইমরান খানের চোখের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনটি কী, কোন রোগে এটি দেওয়া হয় এবং কীভাবে প্রয়োগ করা হয়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন কী?
পাকিস্তান সরকার ও ইমরান খানের আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত হওয়ার কারণে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) তথ্য অনুযায়ী, রেটিনাল ভেইন অক্লুশন বয়স্ক ব্যক্তিদের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অন্যতম কারণ। এ রোগে চোখের রেটিনার শিরায় রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। ফলে রক্ত জমাট বাঁধতে পারে এবং স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়।
চোখের পেছনে অবস্থিত আলোকসংবেদনশীল সূক্ষ্ম স্তরটির নাম রেটিনা। এটি ক্যামেরার ফিল্মের মতো কাজ করে। চোখে প্রবেশ করা আলো গ্রহণ করে রেটিনা মস্তিষ্কে দৃষ্টিসংক্রান্ত সংকেত পাঠায়। ফলে মানুষ কোনো বস্তু দেখতে পায়।
রেটিনার শিরায় বাধা সৃষ্টি হলে রক্ত ও তরল পদার্থ রেটিনার ভেতরে ছড়িয়ে পড়তে পারে। এতে রেটিনায় রক্তক্ষরণ, ফোলাভাব ও অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ফলে চোখের আলোকসংবেদনশীল কোষগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং দৃষ্টিশক্তি কমে যেতে পারে।
রেটিনাল ভেইন অক্লুশন প্রধানত দুই ধরনের। এর একটি হলো সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। এ ক্ষেত্রে রেটিনার প্রধান শিরায় রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। এনএইচএসের মতে, এ ধরনের সমস্যায় দৃষ্টিশক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. হিরা আওয়াইস বিবিসি উর্দুকে বলেন, রোগীভেদে এ রোগের উপসর্গ ও প্রভাব ভিন্ন হতে পারে। দৃষ্টিশক্তির প্রাথমিক অবস্থা এবং রোগের তীব্রতার ওপরও এর প্রভাব নির্ভর করে।
তিনি জানান, অনেক রোগীর ক্ষেত্রে রক্তনালি বন্ধ হয়ে যাওয়ার কারণে রেটিনার বিভিন্ন স্থানে রক্তক্ষরণের চিহ্ন দেখা যায়। কোনো কোনো রোগীর দৃষ্টিশক্তি এতটাই কমে যেতে পারে যে তাঁরা আলো পর্যন্ত দেখতে পান না। আবার কিছু রোগীর দৃষ্টিশক্তি তুলনামূলক ভালো থাকে।
ডা. হিরার মতে, রোগটি প্রথম শনাক্ত হওয়ার সময় দৃষ্টিশক্তি যত বেশি ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তী সময়ে তা পুনরুদ্ধারের সম্ভাবনা তত কমে যায়।
ইনজেকশন দিয়ে কীভাবে চিকিৎসা করা হয়?
সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনসহ রেটিনার বিভিন্ন সমস্যার চিকিৎসায় ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন ব্যবহার করা হয়।
এনএইচএসের তথ্য অনুযায়ী, ইনট্রাভিট্রিয়াল ইনজেকশন হলো এমন একটি চিকিৎসাপদ্ধতি, যার মাধ্যমে চোখের ভেতরে থাকা ভিট্রিয়াস নামের জেলির মতো পদার্থে সরাসরি ওষুধ প্রয়োগ করা হয়। এর ফলে ওষুধ চোখের আক্রান্ত স্থানে পৌঁছাতে পারে।
অ্যান্টি-ভিইজিএফ ওষুধ চোখের ভেতরে ভিইজিএফ নামের একটি প্রোটিনের কার্যক্রম বাধাগ্রস্ত করে। এই প্রোটিন অস্বাভাবিক রক্তনালি তৈরিতে ভূমিকা রাখে। এর কার্যক্রম নিয়ন্ত্রণের ফলে চোখে অস্বাভাবিক রক্তনালির বৃদ্ধি এবং সেসব রক্তনালি থেকে তরল নিঃসরণ কমে আসে।
এ চিকিৎসার প্রধান লক্ষ্য হলো রেটিনার ফোলাভাব কমানো, দৃষ্টিশক্তির আরও অবনতি ঠেকানো এবং সম্ভব হলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটানো।
ডা. হিরা আওয়াইস বলেন, এ রোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের ইনজেকশন রয়েছে। বিশেষ করে অ্যান্টি-ভিইজিএফ ওষুধেরও একাধিক ধরন পাওয়া যায়।
তিনি জানান, কিছু রোগীকে প্রতি মাসে ইনজেকশন নিতে হয়। পাশাপাশি নিয়মিত পরীক্ষা করে দেখা হয়, পরবর্তী সময়ে আরও ইনজেকশন প্রয়োজন কি না।
এ ক্ষেত্রে ওসিটি বা অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এর মাধ্যমে রেটিনার পুরুত্ব এবং চোখের ভেতরে জমে থাকা তরল ও ফোলাভাবের মাত্রা নির্ণয় করা হয়।
ডা. হিরার ব্যাখ্যা অনুযায়ী, ইনজেকশন দেওয়ার পর রোগীর অবস্থার উন্নতি হলেও রেটিনায় ফোলাভাব থেকে গেলে এবং আরও চিকিৎসার প্রয়োজন হলে পুনরায় ইনজেকশন দেওয়া হয়। রোগীর অবস্থা অনুযায়ী মাসিক ভিত্তিতেও এ চিকিৎসা চালিয়ে যেতে হতে পারে।
তিনি বলেন, কিছু ইনজেকশনের কার্যকারিতা ৬০ দিন পর মূল্যায়ন করা হয়। আবার কিছু ক্ষেত্রে রোগীকে প্রতি মাসে ফলোআপে রাখা হয়।
এই ইনজেকশনের দুটি গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। প্রথমত, এটি চোখের ভেতরে জমে থাকা তরল কমিয়ে রেটিনার ফোলাভাব নিয়ন্ত্রণে সহায়তা করে। দ্বিতীয়ত, রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে সৃষ্ট জটিলতা এবং অস্বাভাবিক রক্তনালির বৃদ্ধি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
ইস্কেমিয়া বলতে বোঝায়, রক্তনালিতে বাধা সৃষ্টি হওয়ার কারণে কোনো অঙ্গে স্বাভাবিক রক্ত সরবরাহ ব্যাহত হওয়া। রক্ত চলাচল কমে গেলে রেটিনায় অক্সিজেনের সরবরাহও কমে যায়।
অক্সিজেনের ঘাটতি দেখা দিলে রেটিনা নতুন রক্তনালি তৈরির সংকেত দিতে পারে। কিন্তু এসব নতুন রক্তনালি সাধারণত দুর্বল হয়। ফলে সেগুলো থেকে রক্তক্ষরণ হতে পারে। এ ছাড়া নতুন রক্তনালির কারণে রেটিনায় টান সৃষ্টি হয়ে আরও জটিলতা দেখা দিতে পারে।
ডা. হিরা বলেন, এ কারণেই অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেওয়া হয়। এর মাধ্যমে অস্বাভাবিক নতুন রক্তনালির বৃদ্ধি নিয়ন্ত্রণের পাশাপাশি রেটিনার ফোলাভাব কমানো সম্ভব। দৃষ্টিশক্তি সংরক্ষণ ও উন্নত করার ক্ষেত্রে এ দুটি বিষয় গুরুত্বপূর্ণ।
চোখে ইনজেকশন দেওয়া হয় যেভাবে
এনএইচএসের তথ্য অনুযায়ী, অ্যান্টি-ভিইজিএফ ওষুধ চোখের ভেতরের জেলির মতো পদার্থ ভিট্রিয়াসে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। পুরো চিকিৎসাপদ্ধতি সম্পন্ন করতে সাধারণত প্রায় ১৫ মিনিট সময় লাগে। তবে ইনজেকশন প্রয়োগ করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে।
প্রথমে রোগীকে আরামদায়ক অবস্থায় বসানো বা শোয়ানো হয়। এরপর চোখ অবশ করার জন্য কয়েক ফোঁটা বিশেষ ড্রপ দেওয়া হয়। চোখের চারপাশ পরিষ্কার করার পর চোখের পাতা খোলা রাখতে একটি ছোট যন্ত্র ব্যবহার করা হয়। এর নাম স্পেকুলাম।
এরপর একটি সূক্ষ্ম সুচের সাহায্যে চোখের ভেতরে নির্দিষ্ট স্থানে ওষুধ প্রয়োগ করা হয়। ইনজেকশন দেওয়ার পর প্রয়োজন অনুযায়ী চোখে লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করা হয়।
এনএইচএসের মতে, এ চিকিৎসায় সাধারণত খুব বেশি ব্যথা হয় না। অধিকাংশ রোগী এক ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন। তবে কোনো কোনো ক্ষেত্রে চোখের ভেতরের চাপ বা আই প্রেসার পরীক্ষা করার জন্য রোগীকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।
ডা. হিরা আওয়াইসের মতে, চোখে ইনজেকশন দেওয়ার প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রে বহির্বিভাগেই সম্পন্ন করা যায়। এ জন্য রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয় না। ক্লিনিক বা চিকিৎসকের চেম্বারেও এ চিকিৎসা দেওয়া সম্ভব।
তিনি জানান, বিদেশে পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করে অনেক ক্ষেত্রে ক্লিনিকেই এ ইনজেকশন দেওয়া হয়। তবে পাকিস্তানে সাধারণত মাইনর অপারেশন থিয়েটারে (ওটি) এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বারবার ইনজেকশন দেওয়ার কারণ কী?
সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনের কারণে রেটিনায় ফোলাভাব ও তরল জমার সমস্যা দীর্ঘদিন থাকতে পারে। একবার ইনজেকশন দিলেই সব ক্ষেত্রে সমস্যার স্থায়ী সমাধান হয় না। তাই চিকিৎসার পর নিয়মিত চোখ পরীক্ষা করে রোগীর অবস্থা মূল্যায়ন করা হয়।
রেটিনায় ফোলাভাব বা তরল জমার সমস্যা অব্যাহত থাকলে চিকিৎসকের পরামর্শে আবারও অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেওয়া হতে পারে। এভাবে প্রয়োজন অনুযায়ী কয়েক মাস বা আরও দীর্ঘ সময় চিকিৎসা চালিয়ে যেতে হয়।
তবে কতবার ইনজেকশন দিতে হবে, তা নির্ভর করে রোগের তীব্রতা, রেটিনার অবস্থা এবং চিকিৎসায় রোগীর সাড়ার ওপর।
ইমরান খানের ক্ষেত্রে ঠিক কত দিন এ চিকিৎসা চলবে বা তাঁর দৃষ্টিশক্তির বর্তমান অবস্থা কী, সে বিষয়ে পিমস হাসপাতালের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: বিবিসি উর্দু, এনএইচএস ও পিমস হাসপাতালের বিবৃতি।
