ঢাকার দোহার উপজেলায় সারাদেশে খুন, ধর্ষণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার লটাখোলা জুলাই-২৪ চত্বরে ঢাকা জেলা দক্ষিণ জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে দিন দিন খুন, ধর্ষণ ও বিভিন্ন অপরাধ বেড়ে চলেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা অভিযোগ করেন, দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধ প্রবণতা কমছে না।
বক্তারা এসব ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন।
একইসঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলা দক্ষিণের প্রধান সমন্বয়ক মো. রাসেল মোল্লা, সমন্বয়ক ইমরান খান, দোহার উপজেলা আহ্বায়ক আদর ইসলাম আকাশ, নবাবগঞ্জ উপজেলা আহ্বায়ক রোমান হাসান, মশিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোহার শাখার সদস্য সচিব শহীদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আহিল ইসলাম ওমর, যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল খান, সংগঠক সুমন খান, মুখ্য সংগঠক রাব্বি ইসলাম, সোহেল ইসলাম, সুমন সিন্ধাসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।