ঢাকাThursday , 21 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সব অপকর্মের দায় জামায়াতের ওপর চাপাচ্ছে বিএনপির দুদু

Link Copied!

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামকে নিয়ে ব্যবসা করে এবং দেশে যত ধরনের অপকর্ম হচ্ছে, তার দায় তাদের ওপরই বর্তায়। তবে এসব ঘটনার দোষ বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২১ মে) প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন। তাই অপপ্রচার বা মিথ্যাচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। তার দাবি, জনগণের বড় অংশ এখন বিএনপির পক্ষেই রয়েছে।


শামসুজ্জামান দুদু আরও বলেন, দেশে বিভিন্ন অপকর্ম ঘটলেও একটি গোষ্ঠী সেগুলোর দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, ওই গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মূলত ইসলামবিরোধী অবস্থান নেয় এবং মিথ্যাচারই তাদের রাজনীতি।

তিনি আগের সরকারের সমালোচনা করে বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ে একাধিকবার লিখিতভাবে সতর্ক করা হলেও তারা কার্যকর ব্যবস্থা নেয়নি। সেই ব্যর্থতার কারণেই পরিস্থিতি আবার জটিল হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলেও উল্লেখ করেন তিনি।

ফার্মাসিস্টদের ভূয়সী প্রশংসা করে দুদু বলেন, আগে অনেক ফার্মেসি সন্ধ্যার পর বন্ধ হয়ে যেত, কিন্তু এখন অনেক প্রতিষ্ঠান সারারাত সেবা দিচ্ছে, যা জাতীয় দায়িত্ববোধের পরিচয়।

জামায়াতে ইসলামীর অতীত ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অবস্থান ইতিহাসে স্পষ্ট এবং জনগণ সেটি জানে।

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, অতীতে কিছু গোষ্ঠীর নিয়ন্ত্রণ থাকলেও এখন যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে গেলে একটি পক্ষ অস্থিরতা তৈরি করছে।

শেষে তিনি বলেন, যারা অপরাধ করছে তারা বিএনপির কেউ নয়। কেউ যদি দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়ায়, তবে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। দলের নেতাকর্মীদেরও তিনি এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি