ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে রিকশায় মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।
এ সময় কিছু শিক্ষার্থী ও নেতাকর্মী এতে বাধা দেন। পরে শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয় এবং পুলিশ তাদের আটক করে।
পরবর্তীতে পুলিশ তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়।
মামলার এজাহারে বলা হয়, ওই সময় শাহবাগ থানার সামনে ১০ থেকে ১৫ জন জড়ো হয়ে লাউড স্পিকারে উসকানিমূলক স্লোগান দেন এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করেন। এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।