ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে ডা. মাহমুদা আলম মিতু এমপি হচ্ছেন-এ খবর এখন ঝালকাঠিতে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। তিনি নিজেও গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে,
জামায়াত তাদের নির্ধারিত আসন থেকে এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে একটি আসন দিয়েছে। জেলা জামায়াতের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ডা. মাহমুদা আলম মিতুর পৈতৃক বাড়ি ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ার দক্ষিণ কৈখালী গ্রামে। তার দাদা আমজাদ হোসেন তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার শৈশব ও শিক্ষাজীবনের বড় অংশ কেটেছে ঝালকাঠি ও বরিশালে। শৌলজালিয়া হাইস্কুল থেকে অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়ার পর তিনি বেতাগী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।
পরে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
মনোনয়ন পাওয়ার আগ থেকেই তিনি ঝালকাঠি-১ এলাকায় তরুণদের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিক্ষা উন্নয়ন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবায় কাজ করে আসছেন। ‘কেয়ার অব মিতু’ নামে একটি সামাজিক উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থীর পক্ষে তিনি সক্রিয়ভাবে প্রচারণা চালান।
ডা. মিতু বলেন, শৈশবের স্বপ্ন ও মানুষের সেবা করার ইচ্ছা থেকেই তিনি এই অবস্থানে পৌঁছেছেন। একজন চিকিৎসক হিসেবে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি গ্রামীণ অঞ্চলে মাতৃস্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা এবং কমিউনিটি স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে চান।
পাশাপাশি তিনি ঝালকাঠিকে নিরাপদ, শিক্ষিত ও মানবিক এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।