জুলাই ২০২৪ সালের গণঅন্দোলনের সময় গুলিবিদ্ধ স্কুলছাত্র আদহাম বিন আমিন তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে। তিনি বলেন, সাক্ষী হওয়ায় ২৬ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগের লোকজন হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করেছে, যা মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জবানবন্দিতে আদহাম জানান, আন্দোলনের সময় তারা শান্তিপূর্ণভাবে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছিলেন। পুলিশ, বিজিবি এবং আওয়ামী লীগের সশস্ত্র লোকজন দফায় দফায় হামলা চালায়। এক পর্যায়ে হেলিকপ্টার থেকেও গুলি বর্ষণ করা হয়। তার বাম পায়ের হাঁটুর নিচ দিয়ে একটি গুলি প্রবেশ করে ডান পায়ে বের হয়ে যায়। আহত অবস্থায় তাকে স্থানীয় ও জাতীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়, এবং এখনো সে স্বাভাবিকভাবে হাঁটতে বা দাঁড়াতে পারছে না।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন যে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান ফোনালাপে আন্দোলন দমনে হত্যার নির্দেশ দিয়েছিলেন। আদহাম তার ক্ষতিগ্রস্ত শিক্ষা ও ভাঙা স্বপ্নের জন্য ন্যায্য বিচার দাবি করেছেন।