জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে প্রার্থী নির্ধারণ করতে বলা হয়েছে।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সমঝোতা হয়েছে, সেটিকে বাস্তবায়নের উদ্যোগ এখন থেকেই নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তারা ডেপুটি স্পিকারের জন্য একজনের নাম ঠিক করে। স্পিকার নির্বাচনের দিনই একই সঙ্গে ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন।