জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি সংবাদ সম্মেলনে পড়ার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ (সিসিএস)–এর সদস্যসচিব রোবাইয়াত ফাতিমা তনি।
তিনি বলেছেন, সিসিএস–এর আহ্বায়ক নীলা ইসরাফিল–এর অনুরোধে এবং স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ীই তিনি সংবাদ সম্মেলনে স্মারকলিপিটি পড়েছেন। নিজে এটি রচনা করেননি এবং কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেননি।
গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে সংগঠনের সদস্যসচিব হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল এবং আহ্বায়ক হিসেবে নীলা ইসরাফিলের নাম উল্লেখ করা হয়েছিল। তবে রবিবার (২২ ফেব্রুয়ারি) দেওয়া লিখিত বিবৃতিতে তিনি জানিয়েছেন, নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধে স্মারকলিপি পাঠ করেছিলেন তিনি।
সংবাদ সম্মেলনের পর থেকে রোবাইয়াত ফাতিমা তনি প্রাণনাশের হুমকি ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে।
তিনি জানিয়েছেন, যারা তার বা তার পরিবারের নিরাপত্তা হুমকির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং ফৌজদারি মামলা দায়ের করা হবে। এছাড়া অনলাইন হয়রানি ও মানহানিকর প্রচারকারীদের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় মামলা এবং সাইবার আইনসহ অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তনি সবাইকে সতর্ক করে বলেছেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে প্রাণনাশের হুমকি, মানহানি এবং ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা কখনো গ্রহণযোগ্য নয়। এসব অব্যাহত থাকলে সর্বোচ্চ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।