মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২৬ই ডিসেম্বর শুক্রবার রাত ১০টা ৪ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাস জাতীয় স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করে। রাত ১০টা ৩২ মিনিটে তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। নিরাপত্তার দায়িত্বে ছিল র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে বিএনপির নেতারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় ওই সময় শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে দেরি হওয়ায় তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন এবং অপেক্ষার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।