রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে শিশুটির পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অরক্ষিত নলকূপ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এই নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও খোলা নলকূপ রয়েছে, যা মানুষের জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার প্রমাণ বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ১৫ দিনের মধ্যে কয়েকটি নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— সব পরিত্যক্ত নলকূপ শনাক্ত করে জরিপ করা, রাষ্ট্রের খরচে সেগুলো সিল বা ভরাট করে স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনার জন্য মানসম্মত কার্যপ্রণালি (SOP) তৈরি করা, অননুমোদিত নলকূপ স্থাপন ঠেকাতে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলা করা কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।
নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (পিআইএল) হিসেবে হাইকোর্টে দায়ের করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।