টি–টোয়েন্টি সিরিজে ভালো শুরু করতে হলে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড। প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ১৮২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে।
চট্টগ্রামে আজ আয়ারল্যান্ড যে সংগ্রহ পেয়েছে, সেটিই বাংলাদেশের বিপক্ষে তাদের টি–টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর। এর আগে সবচেয়ে বড় সংগ্রহ ছিল বেলফাস্টে করা ১৪৫ রান।
সেই ম্যাচে ১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১ রানে হেরেছিল আইরিশরা। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ডের পূর্বের সর্বোচ্চ ছিল ১৪১—যা তারা করেছিল ২০১২ সালে বেলফাস্টে। আজকের ইনিংসের ভিত গড়ে দেয় ওপেনারদের ঝড়ো সূচনা।
স্টার্লিং ও টিম টেক্টর ৪ ওভারেই ৪০ রান তুলে দলের ভিত্তি মজবুত করেন। ব্যক্তিগত ২১ রানে স্টার্লিংকে আউট করে এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর দ্বিতীয় উইকেটে বড় ভাই হ্যারি টেক্টরের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন টিম। তবে দ্রুতগতির ব্যাটিংয়ে ৩২ রান করে তিনি আউট হন।
হ্যারি টেক্টর ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক করে দলকে নিয়ে যান ৪ উইকেটে ১৮১ রানের রেকর্ড সংগ্রহে। ৬৯ রানের অপরাজিত ইনিংসে তিনি মারেন ১ চার ও ৫ ছক্কা। তাকে ভালো সহায়তা দেন লরকান টাকার (১৮) ও কার্টিস ক্যাম্ফার (২৪)।
ক্যাম্ফার আরও ভয়ংকর হয়ে ওঠার আগেই চমৎকার ক্যাচে তাকে থামান পারভেজ হোসেন ইমন। তানজিম সাকিবের বল অফসাইডে উঠলে ইমন ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি করেন। আয়ারল্যান্ডের ছয় ব্যাটারই দুই অঙ্কের রান করেছেন। অপরাজিত ছিলেন জর্জ ডকরেল (১২)।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন তানজিম সাকিব।