ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) আসরের নামাজের পর শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া এই সভাটি অনুষ্ঠিত হয় মেঘুলার মরহুম সলিম খানের বাড়ির প্রাঙ্গণে।
“পরিবর্তনের পথে – উন্নয়নের যাত্রায়, আপনার ভোট হোক ইনসাফের দাঁড়িপাল্লায়”—এ স্লোগান সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথি ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন,“দেশ আজ সংকটের মাঝে। ন্যায়বিচার, নিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধার করতে হলে জনগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তই পারে পরিবর্তনের পথ খুলে দিতে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষ নিরাপদ থাকবে, কথা বলতে পারবে, সম্মান নিয়ে বাঁচতে পারবে।”
তিনি আরও বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের ন্যায়ের পথে দাঁড় করানো, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং নিরাপদ সমাজ নিশ্চিত করা আমার অঙ্গীকার। আপনাদের একটি সঠিক ভোটই দোহার-নবাবগঞ্জসহ পুরো দেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।”
এ সময় বক্তারা সাম্যের সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং ভোটাধিকার সুরক্ষায় সবার ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পাড়া-মহল্লার সর্বস্তরের জনগণ ও যুবসমাজ অংশগ্রহণ করেন।