ঢাকার নবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির নেতাকর্মীরা আবারও দৃঢ় ঐক্যের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের ভেতরকার মতভেদ, গ্রুপিং ও অভিমান ভুলে রবিবার বিকেলে উপজেলার আগলা এলাকায় ডিএনএ কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদের বাড়িতে সবাই একসঙ্গে জড়ো হন। সেখানে সাবেক ও বর্তমান সব স্তরের নেতাকর্মীরা ঢাকা-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাককে সমর্থন জানান।
বক্তারা বলেন, আজ থেকে ‘অমুক ভাই–তমুক ভাই’ নামে কোন গ্রুপ থাকবে না। সবাইকে মনে রাখতে হবে—আমরা এখন এক দল, এক লক্ষ্য; আমাদের প্রতীক ধানের শীষ। তারা আরও বলেন, এই ধানের শীষ জিয়াউর রহমানের দেওয়া প্রতীক। এটিকে জয়ী করতে সবার মিলেমিশে কাজ করা জরুরি। সব জায়গায় ধানের শীষ জিতলেও যদি ঢাকা-১ আসনে না জেতে, তবে সেটিই হবে সবচেয়ে লজ্জার বিষয়। তাই আজ থেকেই সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
আরও বলা হয়, দল থাকলে ব্যক্তির মূল্য থাকে। তাই ব্যক্তিগত বিরোধ ভুলে দলকে শক্তিশালী করাই এখন সবচেয়ে প্রয়োজন। ধানের শীষ শুধু একটি নির্বাচনচিহ্ন নয়—এটি দলের আন্দোলন, আশা এবং মানুষের মুক্তির প্রতীক। ঐক্য থাকলে ঢाका-১ আসনে ধানের শীষের জয় কেউ থামাতে পারবে না—এমন বিশ্বাসও প্রকাশ করেন তারা।
এসময় বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, যদি এই ঐক্য ধরে রাখা যায়, তাহলে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে একটি বড় উপহার দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিএনপি একটি বড় ও ঐতিহ্যবাহী দল; তাই ভিন্ন মত বা প্রতিযোগিতা থাকতেই পারে। তবে এই প্রতিযোগিতা যেন গ্রুপিং বা বিভাজনে না রূপ নেয়। সবাই ভাইয়ের মতো একসঙ্গে দলের জন্য কাজ করতে হবে।