বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ফুটবলাররা তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস এবং তারা দেশের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন। তিনি আরও মন্তব্য করেন, ২২ বছর পর ভারতের বিপক্ষে আজকের জয়ের মাধ্যমে ফুটবল আবারও প্রমাণ করেছে—শৃঙ্খলা, ঐক্য ও একে অপরের প্রতি বিশ্বাস থাকলে বড় অর্জন সম্ভব।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
তারেক রহমান লেখেন, মোরসালিনের প্রথম দিকের গোল এবং দলের অবিচল লড়াই লাখো মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামনে আরও উজ্জ্বল সময় অপেক্ষা করছে।
তিনি আরও যোগ করেন, আমাদের ফুটবলাররা দেশের তরুণদের জন্য প্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির প্রতীক। তিনি এমন এক ভবিষ্যৎ বাংলাদেশের কথা উল্লেখ করেন, যেখানে প্রতিভা বিকশিত হবে, স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হবে এবং জাতীয় পতাকা আরও মর্যাদার সঙ্গে উড়বে।