জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধূলি ইউনিয়নের চরনান্দিনা মদন গোপাল গ্রামের প্রবাসী মোঃ সোহেল রানা, পিতা আব্দুল কুদ্দুস, জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে, লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র আট মাসের মাথায় দেশে ফিরে আসতে বাধ্য হন। বর্তমানে তার চিকিৎসার ব্যয়ভার তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর, একটি অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে, সোহেল রানার পরিবারের আর্থিক সহায়তার আবেদন গ্রহণ করে। ১০ জুন সন্ধ্যায় সোহেল বাড়ীতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে তাকে নগদ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ ইতিপূর্বেও সমাজের সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সাংগঠনিক নেতৃবৃন্দ জানিয়েছেন, এই সহায়তা শুধুমাত্র একটি উদ্যোগের অংশ; তারা আরও বৃহত্তর সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সমাজের সকল শ্রেণির মানুষকে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।