ঢাকার দোহার উপজেলায় দীর্ঘদিন ধরে গরীব অসহায় রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণাপূর্বক কৌশলে রোগীদের পার্শ্ববর্তী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের দায়ে মো. আজাদ শেখ(৫২) ও মো. সেলিম শেখ(৪৬) নামে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার(২১ এপ্রিল) দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধ ও দালালদের দৌরাত্ম্য রোধে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধ ও দালালদের দৌরাত্ম্য রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দালাল চক্রের ২ সদস্য হাতে নাতে ধরা পড়ে।
তাদেরকে দীর্ঘদিন ধরে গরীব অসহায় রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণাপূর্বক কৌশলে রোগীদের পার্শ্ববর্তী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের দায়ে দণ্ডবিধি- ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত মো. আজাদ শেখ ও মো. সেলিম শেখ নামের দুই ব্যক্তিকে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, জনস্বার্থে সরকারি হাসপাতালে রোগীদের নির্বিঘ্নে সেবা প্রদান নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য নির্মূলে দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।