নওগাঁ মহাদেবপুর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় এলাকায় ফয়েজ উদ্দিন কোল্ড স্টোর এলাকায় একটি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন—নওগাঁর মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেকের ছেলে শিমুল হোসেন (৩২) ও তাঁর স্ত্রী জিনিয়া খাতুন (২৬)।
প্রত্যক্ষদর্শীরা বলছে, নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় এলাকায় ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরের পাশে নির্মাণাধীন ধানের সাইলো থেকে মাটি বহনকারী একটি ট্রাক্টর সড়কের উত্তর পাশ থেকে ওপরে উঠছিল।
এ সময় নওগাঁগামী প্রাইভেটকারটি ওই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে প্রাইভেটকারটি সড়কের দক্ষিণ পাশে খাদে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার পর নওগাঁ সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়া গাড়ির ভেতর থেকে ওই দম্পতিকে উদ্ধার করে।
পরে উদ্ধার হওয়া দম্পতিকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আসাদুল ইসলাম বলেন, ‘তারা দুজনেই রাজশাহীতে থাকতেন। শুনেছি, শিমুলের স্ত্রী জিনিয়া খাতুন অন্তঃসত্ত্বা ছিলেন। তারা কি কারণে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল তা জানা নেই। তাঁদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে মহাদেবপুর উপজেলার ভীমপুর মৌজায় ‘একটি আধুনিক সাইলো’ নির্মাণে ১৫ একর জমিতে প্রায় শতাধিক ট্রাক্টর দিয়ে মাটির ভরাটের কাজ করা হচ্ছে। আজও মাটি ভরাটের সেই কাজ চলছিল। দুপুরের দিকে সেখানকার মাটি বহনকারী একটি ট্রাক্টরকে পাশ কাটতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুজন মারা গেছে। দুর্ঘটনার পর থেকে মাটি পরিবহন বন্ধ রয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি খাদ থেকে উদ্ধার করে থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।