সম্প্রতি চীনের দেয়া হুমকি উপেক্ষা করেই তাইওয়ানের রাজধানী তাইপেতে অবতরণ করলেন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। এসময় তাকে স্বাগত জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে দিয়ে ২৫ বছরে প্রথম কোনো মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা তাইওয়ান সফরে গেলেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছরের মধ্যে এই প্রথম মার্কিন হাউসের কোনো স্পিকার তাইওয়ান সফর করলেন। এই সফর নিয়ে কয়েকদিন ধরে মার্কিন-চীন সম্পর্ক নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এমনকি বাইডেন প্রশাসনের সতর্কতা সত্ত্বেও তাইওয়ানে অবতরণ করলেন পেলোসি।
তাইওয়ানের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, পেলোসি রাতে তাইপেইতে থাকবেন বলে মনে করা হচ্ছে। তাইওয়ানে পেলোসির ফ্লাইটের অবতরণ তার এশিয়া সফরের সফরসূচিতে তালিকাভুক্ত ছিল না। তবে বিষয়টি কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিল।
এদিকে, তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে চীনের সু-থ্রি/ফাইভ যুদ্ধবিমান। পেলোসির সফরকে ঘিরে বেইজিংয়ের এই পদক্ষেপ বলছে রাষ্ট্রীয় গণমাধ্যম। গত কয়েক সপ্তাহ ধরেই ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।
তবে চীনের হুমকির জবাবে পেলোসির সফর ঘিরে চীন বাড়াবাড়ি করছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তার নিরাপত্তায় তাইওয়ানের পূর্বদিকে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। এছাড়া চীনা গতিবিধি পর্যবেক্ষণে আছে- বলে জানায় দেশটির প্রতিরক্ষা বিভাগ।
এদিকে, বিমান হামলার শঙ্কায় তাইওয়ানে সাবওয়ে স্টেশন ও শপিংমলে গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।