ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা নেগেভ মরুভূমির দক্ষিণ বেদুইন শহরের রাহাতে প্রায় ১ হাজার ২০০ বছর আগের একটি মসজিদ আবিষ্কার করেছেন। গতকাল বুধবার ইসরায়েল প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষের (আইএএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিনহুয়া ও দ্য গার্ডিয়ান।
আইএএ এক বিবৃতিতে জানায়, রাহাতের বেদুইন শহরে নতুন নির্মাণ কাজ চলাকালে ১ হাজার ২০০ বছরের বেশি পুরানো এ মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। মসজিদটিতে একটি বর্গাকার কক্ষ এবং একটি প্রাচীর রয়েছে, যা মক্কার দিকে মুখ করা। আবার সেই প্রাচীরের একটি অর্ধ বৃত্তাকার কুলুঙ্গি দক্ষিণ দিকে নির্দেশ করে। এই বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে, স্থাপনটি একটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছিল। একসাথে কয়েক ডজন মানুষ এতে ইবাদত করতে পারতো।
ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা বলেন, স্থাপনাটি এই অঞ্চলের মানুষদের খ্রিস্টান থেকে ইসলামে রূপান্তরের ওপর আলোকপাত করেছে। এই অঞ্চলে সপ্তম শতাব্দীর প্রথমার্ধে মুসলিম বিজয়ের ঘটনা ঘটে।
আইএএ-এর আবিষ্কৃত অন্যান্য স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বাইজেন্টাইন আমলের একটি খামারবাড়ি, যেখানে খ্রিস্টান কৃষকরা ছিল। এর চারপাশে শক্তিশালী প্রাচীরসহ একটি সুরক্ষিত টাওয়ার ও কক্ষ ছিল। কাছাকাছি একটি পাহাড়ের চূড়ায় দলটি প্রায় একশ বছর পরে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে নির্মিত মুসলিম এস্টেটগুলো উন্মোচন করেছে, যেখানে বড়, খোলা উঠানের পাশে কক্ষের লাইন রয়েছে। এ এলাকায় খাবারের জিনিসপত্র এবং কাচের প্রত্নবস্তুগুলো এর বাসিন্দাদের সম্পদশালী হওয়ার দিকে নির্দেশ করে।
তিন বছর আগে কর্তৃপক্ষ খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতাব্দীর একই যুগের কাছাকাছি আরেকটি মসজিদ আবিষ্কার করেছিল। এই দুটি ইসলামিক স্থাপনাকে বিশ্বের প্রাচীনতম স্থাপনাগুলোর অন্যতম বলে অভিহিত করা হচ্ছে।
আইএএ জানিয়েছে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে হোক বা ইবাদতের স্থান হিসাবেই হোক, রাহাতে পাওয়া মসজিদগুলোকে তাদের বর্তমান অবস্থানেই সংরক্ষণ করা হবে।