একইসময়ে দু্ই লাখ ৯৫ হাজার ১৫৮ জন নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে দেশটিতে
করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০২৩ জনের মৃত্যু হয়েছে ভারতে। অন্যদিকে, একইসময়ে দু্ই লাখ ৯৫ হাজার ১৫৮ জন নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে দেশটিতে। এ নিয়ে টানা একসপ্তাহ দুই লাখেরও বেশি নতুন রোগী শনাক্ত হল দেশটিতে।
বুধবার (২১ এপ্রিল) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু ও শনাক্ত দুইদিক থেকে রেকর্ড সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে প্রতি মিনিটে একজনের মৃত্যু হচ্ছে, প্রতিঘণ্টায় ১০০০ জন এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
এ পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫৩ জনে দাঁড়িয়েছে, আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫৬ লাখ।