দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকীতে সাবেক সোভিয়েত দেশগুলোকে অভিনন্দন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ১৯৪৫ সালের মতো বিজয় আমাদেরই হবে। খবর এক্সপ্রেসট্রিবিউন।
পুতিন বলেন, আজ আমাদের সৈন্যরা তাদের পূর্বপুরুষের মতোই নিজেদের জন্মভূমিকে নাৎসি নোংরা থেকে মুক্ত করার জন্য লড়াই করছে। তাদের ভেতর এই আত্মবিশ্বাস আছে যে, ১৯৪৫ সালের মতো বিজয় আমাদেরই হবে।
নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকীতে পুতিন বলেন, আজকে নাৎসিবাদের পুনর্জন্ম রোধ করা আমাদের সাধারণ দায়িত্ব, যা এক সময় বিভিন্ন দেশের মানুষকে কষ্ট দিয়েছে। এ সময় তিনি যুদ্ধক্ষেত্রে লড়া সেনাদের পাশাপাশি যেসব বেসামরিক ব্যক্তি নাৎসিবাদ ধ্বংসে অবর্ণনীয় ত্যাগ করেছে তাদের কথাও উল্লেখ করেন।
ইউক্রেন ফ্যাসিবাদের চক্করে পড়ে গেছে মন্তব্য করে পুতিন বলেন, দুঃখজনকভাবে আজ নাৎসিবাদ আবার মাথা তুলেছে। আমাদের পবিত্র দায়িত্ব হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের আদর্শিক উত্তরসূরিদের আটকে রাখা। বক্তৃতায় তিনি ইউক্রেনের সকল বাসিন্দার জন্য একটি শান্তিপূর্ণ এবং ন্যায্য ভবিষ্যত কামনা করেন।
আজ সোমবার মস্কো আনুষ্ঠানিকভাবে একটি বিশাল সামরিক কুচকাওয়াজের মাধ্যমে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়কে স্মরণ করবে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি পুতিন তার প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা চালায়। ১৯৯১ সালে স্বাধীনতা পাওয়া দেশটিকে অসামরিকীকরণ এবং নাজিমুক্ত করার জন্য একটি বিশেষ লক্ষ্যে এ হামলা চালানোর দাবি করে রাশিয়া।